বুধবার, জুন ৩

​হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুবল গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ সুবল হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

​গত মঙ্গলবার (০২ জুন) দুপুরে দৌলতপুর বাজারস্থ উপজেলা পরিষদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সুবল হোসেন দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর মোল্লা পাড়া এলাকার আরশেদ আলী মোল্লার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানা পুলিশের একটি টিম এলাকায় মোবাইল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, দৌলতপুর বাজারের ওয়ালটন শোরুমের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুবল দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে চারপাশ থেকে ঘিরে ধরে আটক করা হয়।

​আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুবলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিকালে তার বাম পায়ের ‘এ্যাংলেট’ (পায়ের পাতার ব্যান্ডেজ)-এর ভেতর থেকে বিশেষ কায়দায় সাদা পলিথিনে মোড়ানো ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের মোট ওজন ২২.০৫ গ্রাম, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। ডিজিটাল নিক্তির সাহায্যে পরিমাপ শেষে ঘটনাস্থলেই বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুবল হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় সুকৌশলে হেরোইন বিক্রি করে আসছিল।

​এই ঘটনায় এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ: ০২/০৬/২০২৬ খ্রিঃ)। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলামকে।

​এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *