মঙ্গলবার, মে ১২

আধুনিক রাজশাহী গড়তে বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নগর পরিবেশ গড়ে তোলাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, নগর উন্নয়নের এ কার্যক্রম সফল করতে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, শিল্পায়নের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে রাজশাহী দেশের অন্যতম নান্দনিক ও আধুনিক নগরীতে পরিণত হতে পারে।

মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজশাহীকে ‘ফুলের নগরী’ হিসেবে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে গাছের পরিচর্যা এবং নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আগামী বর্ষা মৌসুমে নগরজুড়ে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সহজ হবে।

নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নগরীর বিভিন্ন সড়কের খানাখন্দ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে নতুন উন্নয়ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যখাতে বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে। এসব উদ্যোগের ফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

সভায় রাসিক প্রশাসক নগর উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা রাজশাহীর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাজশাহীকে আরও সুন্দর, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ, মশিউর রহমানসহ বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *