
|| নিজস্ব প্রতিবেদক ||
চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থীই নিজ মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সোমবার (১১ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের ওই একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তবে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে দুটি বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বিকল্প ব্যবস্থা হিসেবে বলা হয়, হয় সংশ্লিষ্ট মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো কেন্দ্রে স্থানান্তর করতে হবে, অথবা ওই উপজেলার অন্য কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা ব্যতীত) নতুন কেন্দ্র স্থাপন করে সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে হবে।
এছাড়া বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, আলিম পরীক্ষার জন্য কোনো প্রকার উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা রাখা যাবে না। পরীক্ষা আয়োজনে যেকোনো ধরনের অনিয়ম রোধে বোর্ড কর্তৃপক্ষ এই কঠোর অবস্থান নিয়েছে।
