মঙ্গলবার, মে ১২

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নামে দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসস্থলে এই বর্বরোচিত হামলা চালানো হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই ঘটনায় শোকাতুর পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় একের পর এক প্রবাসীর অকাল মৃত্যুতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *