
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন ও মাঠের পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে দেশের কোনো স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর কোনো মেলার আয়োজন করতে দেওয়া হবে না।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মেলা বা অন্য কোনো অ-ক্রীড়া উদ্দেশ্যে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেননি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা এবং অকার্যকর হয়ে যাওয়া জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে আবারও সচল করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্রীড়া স্থাপনা দীর্ঘদিন যথাযথভাবে ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে গেছে। সরকার এসব অবকাঠামো পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগ নিয়েছে যাতে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা যায় এবং তাদের বিকাশের পর্যাপ্ত সুযোগ তৈরি হয়। দেশের ক্রীড়া কাঠামোকে কার্যকর করাই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
ক্রীড়া খাতের পাশাপাশি যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতেও বর্তমান সরকার কাজ করছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। প্রতিমন্ত্রী জানান, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং ও বিভিন্ন কারিগরি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। এছাড়া বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের দ্রুত ও সঠিক তদারকির জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং যুবকদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে সরকারের এই উদ্যোগগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
