মঙ্গলবার, মে ৫

নারী আসনে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করার পর গত সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল। আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯ জন গত রোববার শপথ গ্রহণ করেন। জামায়াত জোটের ভাগে ছিল মোট ১৩টি আসন, যার মধ্যে ১২ জন আগেই শপথ নিয়েছেন। জোটের পক্ষ থেকে ১৫ জন মনোনয়নপত্র জমা দিলেও মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। অন্যদিকে, নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রথমে তার মনোনয়ন গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ইসি কর্তৃক গেজেট প্রকাশের পর এখন নিয়ম অনুযায়ী সংসদ সচিবালয় নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে। এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সকল পদের বিপরীতে নির্বাচিতদের নাম চূড়ান্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *