মঙ্গলবার, মে ৫

মুক্তি পেল অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’

|| বিনোদন ডেস্ক ||

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর নতুন গান ‘ফেরিওয়ালা’। মঙ্গলবার (৫ মে) ব্যান্ডটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়। এটি তাদের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বরাবরের মতো গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।

অপূর্ব নির্মাণশৈলীর এই গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকের মনোরম লোকেশনে। গানটির পেছনের গল্প জানিয়ে জুনায়েদ ইভান বলেন, প্রায় এক দশক আগে গানটি তৈরি করা হলেও মুক্তিতে এত সময় লাগবে তা ভাবেননি। ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই লাইন প্রকাশের পর থেকেই শ্রোতাদের পক্ষ থেকে ব্যাপক আগ্রহ ও হাজারো মন্তব্য জমা হয়েছিল, যা ব্যান্ড সদস্যদের আপ্লুত করেছে। দীর্ঘ অপেক্ষার পর গানটি প্রকাশ করতে পেরে তারা উচ্ছ্বসিত।

বর্তমানে ঢাকা ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। আগামী জুনে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। ইতিপূর্বে ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডের ‘ফেরিওয়ালা’ গানটিও শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *