সোমবার, মে ৪

নওগাঁয় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালিকাবাড়ি গুচ্ছগ্রামের পাশে নদীতে খালের পানিতে ডুবে মিনতি পাহান (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিনতি পাহান একই গ্রামের বাসিন্দা ভুলু পাহানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি খাল থেকে হাঁস আনতে গেলে তিনি খালের মাঝামাঝি গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর আর ভেসে উঠতে পারেননি।

এ সময় তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা খালে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। এমনকি বেড়জাল ব্যবহার করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রবিবার (০৩ মে ২০২৬) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৯টার দিকে খাল থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, গুচ্ছগ্রামের পাশের খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে খালটি অস্বাভাবিকভাবে গভীর হয়ে পড়েছে, যা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

গুচ্ছগ্রামের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে খালটি গভীর হয়ে গেছে। বালু উত্তোলনকারীদের বাধা দিলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ভয়ভীতি দেখায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও ইব্রাহিম নামে এক ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় পুরো গুচ্ছগ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষ” প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *