
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন যেন শুরু হলো মানিকগঞ্জ থেকেই। শনিবার (২ মে) দিবাগত রাতে মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ এক শিক্ষানবিস আইনজীবীসহ ২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গোপনে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ছিল। বিষয়টি নজরে আসার পর ছাত্রদলের সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে তাকে চিহ্নিত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, মাদকের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ব্যবসা অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
সচেতন মহল বলছে, তরুণ সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো যদি এভাবে সামাজিক অপরাধ দমনে এগিয়ে আসে, তবে মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা আরও সহজ হবে।
