
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজ রবিবার (৩ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডের শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সরাসরি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় ১০ দিন পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই দিনে নিখোঁজ হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশবিশেষ গত রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।
