
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোররাতে দিল্লির বিবেক বিহার এলাকার একটি বহুতল ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ রবিবার ভোর প্রায় ৪টার দিকে ওই চারতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৪টি ইউনিট। এরপর প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চারতলা ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এর মধ্যেই আগুনে পুড়ে ৯ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দমকল বাহিনীর উদ্ধার অভিযান শেষে দেখা যায়, আবাসিক ভবনের অধিকাংশ অংশই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং দীর্ঘক্ষণ পোড়া ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
