
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে মানিকগঞ্জের ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মে) বিকেল ৫টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ করার পর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পুরো মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের কাছে এসে শেষ হয়।
আজকের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তরের টিম পরিচালক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এবং মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা ফজলুল হক।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট, গ্যাস, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে, যা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে ফ্যাসিস্টরা যে রাস্তা দিয়ে গেছে, তারেক জিয়া ও তার দলকেও দেশ থেকে বিতাড়িত করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরব না।
