
|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হাসিনাকে বিদায় করতে ৩৬ দিন লেগেছে, আপনারা যদি স্বৈরাচার হতে চান তবে আপনাদের বিদায় করতে ৩৬ ঘণ্টাও লাগবে না।”
তিনি তাঁর বক্তৃতায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রশ্ন তোলেন, “একই দিনে একই মায়ের গর্ভে দুটি সন্তান জন্ম নিলে একটা কীভাবে বৈধ আর একটা কীভাবে অবৈধ সন্তান হয়, দেশবাসী তা জানতে চায়।”

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরো সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আগামী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম।
সমাবেশ শেষে বাজার স্টেশন চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এস এস রোড প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় হয়ে দরগাপট্টি এসে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
