বৃহস্পতিবার, এপ্রিল ৩০

যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||

যশোরে বাস থেকে নেমে পরম মমতায় কোলে তুলে নেওয়া সেই শিশু ও তার মায়ের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল যশোরের সেই নিলিমার বাসায় সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল সোমবার বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটি যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন নিলিমা নামের এক নারী তার কোলের শিশুকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটিকে আদর করেন। অভাবনীয় এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

সেই ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উক্ত শিশু ও তার মায়ের কাছে উপহার পাঠানোর নির্দেশ দেন। নির্দেশানুযায়ী আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

উপহার হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর এই মানবিক ও অমায়িক আচরণে অভিভূত হয়ে শিশুটির পরিবার এবং স্থানীয় সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *