
|| নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ উচ্চ আদালত সেই দুই মামলায় তার জামিন মঞ্জুর করলেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিপূর্বে হাইকোর্ট তাকে বেশ কিছু মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি আরও পাঁচটি মামলায় তিনি জামিন পেলেও পরবর্তীতে তা স্থগিত হয়ে যায়। আজকের এই জামিন আদেশের মাধ্যমে তার আইনি লড়াইয়ে নতুন মোড় এল।
