বৃহস্পতিবার, এপ্রিল ৩০

কার্যকরভাবে নিয়ন্ত্রিত মানসিক চাপ পড়াশোনায় মনোযোগী করে: উপাচার্য তাজ উদ্দিন

|| নিজস্ব প্রতিবেদক ||

কার্যকরভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পারদর্শিতা বজায় রাখতে পারে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত মানসিক চাপ মনোযোগ, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতার মতো জ্ঞানীয় কার্যাবলীকে ব্যাহত করতে পারে। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য স্ট্রেস ম‍্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ পাবলিক হেলথ বিভাগের আয়োজনে ‘Stress and Its Management for Students’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান এবং সাইকোলজিকেল সাপোর্ট সার্ভিস ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ এনায়েত করিম। তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ ও এর ঝুঁকিগুলো কমানো এবং আরও স্থিতিশীল ও ইতিবাচক মানসিক অবস্থা তৈরিতে স্ট্রেস ম‍্যানেজমেন্টের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডা. করিম বলেন, মানসিক চাপ হলো কঠিন পরিস্থিতির প্রতি শরীরের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এটি সঠিকভাবে সামলাতে পারলে শিক্ষার্থীরা আরও ভারসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হবে।

লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা।

সেমিনারে পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ‍্যাপক মোসা. হালিমা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চমৎকার এই আয়োজনের জন্য উপাচার্য পাবলিক হেলথ বিভাগকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *