Sunday, September 20

খুলনা প্রেস ক্লাবে হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা প্রেস ক্লাবে বহিরাগতদের অনধিকার প্রবেশ, সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং নেপথ্যের ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সোমবার (২৭ এপ্রিল) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা প্রেস ক্লাবের নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় রাজনৈতিক নেতারাও সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা যারা করেছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা বলেন, প্রেস ক্লাবের মতো পেশাজীবী প্রতিষ্ঠানে হামলা বা ভয়ভীতি সৃষ্টি শুধু সাংবাদিকদের নয়, স্বাধীন গণমাধ্যমের জন্যও বড় হুমকি। সাম্প্রতিক ঘটনায় প্রেস ক্লাব নির্বাচন ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের পরিচয়ে কিছু ব্যক্তি প্রেস ক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে খোঁজাখুঁজি, হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থী তরিকুল ইসলামকে অপমান ও আক্রমণের চেষ্টা করেছে। এ ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বক্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করার আহ্বান জানান।

সমাবেশে খুলনায় অতীতে নিহত চার সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, হারুনর রশিদ খোকন ও শেখ বেলাল উদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের সেই কালো অধ্যায়ের পুনরাবৃত্তি আর দেখতে চায় না নতুন প্রজন্ম।

বক্তারা আরও বলেন, শুধু সরাসরি হামলাকারী নয়, কারা তাদের পাঠিয়েছে এবং কারা নেপথ্যে ছিল, সেটিও উদঘাটন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা সেকেন্দার জাফর উল্লাহ খান, আরিফুজ্জামান অপু, এস এম হাবিব, এস এম জাহিদ হোসেন, রফিউল ইসলাম টুটুল, হাসান আহমেদ মোল্লা, হেদায়েত হোসেন মোল্লা, এহতেশামুল হক শাওন, শেখ দিদারুল আলম, হাসান হিমালয়, আশরাফুল ইসলাম নূরসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

কর্মসূচি চলাকালে প্রেস ক্লাবসংলগ্ন সড়কে সাময়িক অবরোধ সৃষ্টি হয়। সমাবেশ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, প্রেস ক্লাবের নিরাপত্তা জোরদার এবং সাংবাদিকদের নির্বিঘ্ন পেশাগত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *