বৃহস্পতিবার, এপ্রিল ২৩

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় তীব্র লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন-রাত জুড়ে বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পরীক্ষার্থী ও সাধারণ মানুষ।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এই ২১ জেলায় বিদ্যুতের মোট চাহিদা ছিল প্রায় ৮১০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৬০৭ মেগাওয়াট, ফলে ঘাটতি দাঁড়ায় প্রায় ২০০ মেগাওয়াটের বেশি। এর মধ্যে খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি সংকট দেখা দেয়।

ওজোপাডিকোর আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখ।

বিদ্যুতের এমন পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নগরীর খালিশপুরের এক এইচএসসি পরীক্ষার্থী জানায়, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। রাতেও গরমের কারণে স্বাভাবিকভাবে পড়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ডুমুরিয়ার এক বাসিন্দা জানান, দিনে-রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘরের পরিবেশ অসহনীয় হয়ে উঠছে, নষ্ট হচ্ছে ইলেকট্রনিকস যন্ত্রপাতি ও সংরক্ষিত খাবার।

খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপদাহের কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি। আবহাওয়া অধিদপ্তরের মতে, চলমান এই তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ওজোপাডিকোর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জ্বালানি সংকটসহ নানা কারণে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ফিডারভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে। চাহিদা আরও বাড়লে পরিস্থিতি আরও চাপের মুখে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *