বৃহস্পতিবার, এপ্রিল ২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় মুকুন্দগাঁতী থেকে কলেজ মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান-এর উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।

দীর্ঘদিন ধরে মুকুন্দগাঁতীর প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট, শেড ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিল একদল দখলদার। এতে যানজট প্রকট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। অভিযানের আগে কয়েক দফা মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার সময় দেওয়া হলেও অনেকে তা অমান্য করায় আজ বুলডোজার দিয়ে সেসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, অভিযানকালে মুকুন্দগাঁতী বাজারের গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কের দুই পাশের অসংখ্য অবৈধ দোকান ও বর্ধিত অংশ অপসারণ করা হয়। অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিলেও কিছু জায়গায় উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। উচ্ছেদ অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে। সরকারি জায়গা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো কাউকে ছাড় দেওয়া হবে না। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, উচ্ছেদ পরবর্তী সময়ে পুনরায় যাতে দখল না হয়, সেদিকেও প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *