
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সরকারি বিধিনিষেধ অমান্য করে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বর্জ্য পদার্থ ফেলার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে চার ডাইং কারখানার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার তামাই গ্রামে এ অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তামাই গ্রামের কয়েকটি ডাইং কারখানায় কোনো প্রকার শোধনাগার বা বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই কেমিক্যালযুক্ত ক্ষতিকর তরল বর্জ্য খোলা স্থানে ফেলা হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমের প্রসিকিউশনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর অধীনে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশ দূষণের সত্যতা পেয়ে কারখানার মালিক হাজী মোঃ আব্দুল মজিদ লাখী, হাজী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, মোঃ জাকারিয়া খান এবং মুন্সী পান্না আহমেদ—এই ৪ জন ডাইং মালিকের নিকট থেকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বেলকুচি থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন। জনস্বার্থে পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
