সোমবার, এপ্রিল ২০

নাহিদ রানার ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||

পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায়।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন এই তরুণ পেসার। ফলে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রান।

ম্যাচের শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে নাহিদ রানা তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করার পর নিজের পরের ওভারেই উইল ইয়াংকে বিদায় করেন তিনি। দলীয় ৫২ রানে অধিনায়ক টম ল্যাথামকে সৌম্য সরকার সাজঘরে ফেরত পাঠালে বড় বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাঝে নিক কেলি ও মুহাম্মদ আব্বাসের ৫৬ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও কেলির ৮৩ রান বাদে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারায় কিউইরা। জেইডেন লেনক্সকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি নিউজিল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন নাহিদ রানা।

এর আগে গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এখন সিরিজ বাঁচানোর মিশনে জয়ের খোঁজে ব্যাটিংয়ে নামবে টিম বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *