
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘তুসকা’কে লক্ষ্য করে গুলি ছুড়ে জোরপূর্বক নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে কড়া নিন্দা জানিয়েছে চীন। সোমবার (২০ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে এই নিন্দা জানান।
তিনি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। এই অবস্থায় সকল পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর জোর দেন চীনা মুখপাত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন, জাহাজটি ইরানি বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। তবে এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে ইরানের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, পণ্যবাহী জাহাজটি চীন থেকে আসছিল। মার্কিন বাহিনীর এই কর্মকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে তেহরান।
বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করা যাতে করে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমুদ্রসীমায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
