সোমবার, এপ্রিল ২০

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার এসব তথ্য ও প্রস্তুতির কথা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর বিপরীতে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এ

বারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫১০টি এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে যথাক্রমে ৭৪২টি ও ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *