
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বিশেষ ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।
এই বৃহৎ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুরা এই সেবা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া ধাপটি চলবে ১২ মে পর্যন্ত। তবে সিটি করপোরেশন এলাকাগুলোতে এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২০ মে পর্যন্ত চলবে। দেশের অন্যান্য স্থানে এই কার্যক্রম ১২ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের শিশুকে টিকা দান কেন্দ্রে নিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
