
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ইরানের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই পদক্ষেপের প্রশংসা করেন।
ট্রাম্প তার পোস্টে লিখেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!”
তবে এই ধন্যবাদ বার্তার কিছুক্ষণ পরেই ট্রুথ সোশ্যালে দেওয়া অন্য এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বেশ কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে দেন যে, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আপাতত শিথিল হচ্ছে না। ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তির প্রক্রিয়া শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ কার্যকর ও বহাল থাকবে। তিনি আরও যোগ করেন যে, যেহেতু বেশিরভাগ অমীমাংসিত বিষয় আগেই আলোচনার মাধ্যমে ঠিক হয়ে আছে, তাই এই প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, লেবানন ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে শুক্রবারই হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের এই ঘোষণার পর বিশ্বজুড়ে তেলের বাজারে স্থিতিশীলতা ফেরার আশা করা হলেও মার্কিন প্রেসিডেন্টের নতুন এই হুঁশিয়ারি আলোচনার টেবিলে নতুন মাত্রা যোগ করল। পুরো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক মহল।
সূত্র: বিবিসি
