বৃহস্পতিবার, এপ্রিল ৯

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার। এই আসনে ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) মনোনীত মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১২৮টি কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের রায় জানাবেন।

নির্বাচন সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বগুড়ায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন, র‍্যাবের ১০টি টিম এবং পুলিশ ও আনসার বাহিনীর মোট ৩,৩১৭ জন সদস্য নিয়োজিত আছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, পূর্বঘোষিত তফশিলের পর এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে আজ সাধারণ নির্বাচন হচ্ছে। ইতিপূর্বে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় এই দুই আসনে আজ আর কোনো গণভোট অনুষ্ঠিত হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *