
|| নিজস্ব প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। শোকাবহ এই জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
জানাজা শেষে মরহুমার কফিনে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। একই সময়ে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।
পারিবারিক ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজা শেষে মরহুমার দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কথা রয়েছে।
এর আগে গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজকের জানাজা অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
