
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় বৃদ্ধা রহিমা’র ঘরে ঈদের বাজার ও নতুন কাপড় পৌঁছে দিল একটি মানবিক সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দেন মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের চীফ এডমিন শাহ আলম মাস্টার।
গত ১৬ মার্চ সোমবারে ঈদের বাজার ও নতুন কাপড়ের চিন্তায় মগ্ন শিরোনামে সলঙ্গা কুঠিপাড়া হাসপাতালের পুরাতন ভবনে বসবাসকারী অসহায় বৃদ্ধা রহিমা’র একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। একই সঙ্গে আলোকিত দৈনিক অনলাইন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে।
সংবাদটি দেখে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় একটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ কর্তৃপক্ষ।
আজ বৃহস্প্রতিবার (১৯ মার্চ) সকালে অসহায় বৃদ্ধা রহিমা’র বাড়িতে উপস্থিত হয়ে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ। সহায়তার মধ্যে ছিল রহিমা’র জন্য নতুন কাপড়, তার স্বামীর জন্য পাঞ্জাবি, লুঙ্গি এবং এক বস্তা চাল, গরুর মাংস, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ ও লাচ্ছা সেমাই, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ঈদের বাজার ও নতুন কাপড় পেয়ে অসহায় রহিমা আনন্দে কান্না করে দেয়। তিনি বলেন, অনেক দিন পর এবার ঈদে ভাল খাবার খেতে পারব। নতুন কাপড় পড়তে পারব। যারা আমাকে ঈদের বাজার ও নতুন কাপড় দিয়ে সহযোগিতা করলেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক।
অসহায় রহিমা’র সংসারে আয় বৃদ্ধির লক্ষে ঈদের পরে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের পক্ষ থেকে একটি ছাগল কিনে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপ কর্তৃপক্ষ।
স্থানীয় কয়েকজন জানান, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের কষ্ট অনেকটাই কমে যাবে।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপটির চীফ এডমিন শাহ আলম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী, জুম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী কে. এম আমিনুল ইসলাম হেলাল, সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার।
