
|| ধর্ম ডেস্ক ||
২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি সরকারের বেঁধে দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হলেও সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি মেনে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই সব ধরনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো যেন সময়মতো এবং সুচারুভাবে শেষ করা যায়, সে লক্ষ্যেই আগ্রহী হজযাত্রীদের দ্রুত প্রাক-নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর হাতে আনুষ্ঠানিকভাবে এই হজের রোডম্যাপ তুলে দেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ।
ঘোষিত সেই রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হওয়ার পর আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কাজ শুরু হবে এবং একই বছরের ৮ এপ্রিল থেকে হজের ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
