Thursday, July 16

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের উদ্বোধনের পাশাপাশি একযোগে দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সর্বসাধারণকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এবারের অভিযানে সেনানিবাসসহ প্রকল্প এলাকার উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর এই বিশেষ কর্মসূচিটি আগামী সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক-অসামরিক সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *