
|| বিনোদন ডেস্ক ||
বিশ্বসংগীতের কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক মুক্তির সাথে মিল রেখে আগামীকাল ২৪ এপ্রিল বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ দেশে পপ সম্রাটের অগণিত ভক্ত থাকায় সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক কৌতুহল ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বিপুল সংখ্যক দর্শক অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ শুরু করেছেন এবং সংশ্লিষ্টরা আশা করছেন যে, আশি-নব্বই দশকের শ্রোতা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের কাছেও সিনেমাটি দারুণ সাড়া ফেলবে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের মূল চরিত্রে অভিনয় করেছেন তারই ভ্রাতুষ্পুত্র জাফার জ্যাকসন। সিনেমাটিতে মাইকেলের শৈশব, ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের মাধ্যমে শুরু হওয়া তার সংগীতযাত্রা এবং পরবর্তীতে বিশ্বমঞ্চের অপ্রতিদ্বন্দ্বী বিনোদনশিল্পী হয়ে ওঠার নেপথ্য গল্পগুলো তুলে ধরা হয়েছে। মঞ্চের বর্ণিল জীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং ক্যারিয়ারের পেছনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চরিত্রগুলোও এখানে জীবন্ত হয়ে উঠেছে। এতে মাইকেলের বাবার চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং। এছাড়া মাইলস টেলার, ক্যাট গ্রাহাম ও লরা হ্যারিয়ারসহ একঝাঁক তারকা এই বায়োপিকে অভিনয় করেছেন।
উল্লেখ্য, সিনেমাটির টিজার ও ট্রেলার মুক্তির পর থেকেই তা বিশ্বজুড়ে ভিউয়ের রেকর্ড গড়েছে। গত নভেম্বরে মুক্তি পাওয়া টিজারটি মাত্র ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ২০০৯ সালে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করলেও বর্তমান সময়ে স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে মাসিক ৬৫ মিলিয়নের বেশি শ্রোতা মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা ও প্রাসঙ্গিকতা প্রমাণ করে। পপ সম্রাটের অজানা অনেক গল্প ও তার কালজয়ী পারফরম্যান্সের সমন্বয়ে নির্মিত এই বায়োপিকটি দর্শকদের দীর্ঘদিনের কৌতূহল মেটাতে সক্ষম হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন।
