
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সিংগাইরে ২৫ পিস ইয়াবাসহ মো. আব্দুলুছ ছাত্তার খান (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ধল্লা ইউনিয়নের ধল্লা খান পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুলুছ ছাত্তার খান ওই গ্রামের মৃত হযরত আলী খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আসামীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শকের পক্ষে এসআই মো. জামাল হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে জেলা জুড়ে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
