Thursday, October 1

সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

|| সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের জের ধরে হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: শাহরিয়ার মোর্শেদ’র বাড়িতে গত মঙ্গলবার বিকেলে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে হাটিকুমরুল এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করেন সাংবাদিক শাহরিয়ার মোর্শেদ। এর জের ধরে ২৯ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার মাদক কারবারি বেল্লাল বিশ্বাস, লাল চান, মনিরুল, আরিফুল, মাহমুদুল-সহ ৪০-৪৫ জনের একটি দল লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে ও তাঁর স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, ঘরবাড়ি ভাঙচুর এবং স্টিলের বক্স ভেঙে নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়। একই সঙ্গে তাঁর বৃদ্ধা মাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *