Wednesday, September 30

মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর ৩৯তম ওফাত বার্ষিকী আগামী কাল

|| নিজস্ব প্রতিবেদক ||

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামী আন্দোলনের সিপাহসালার, নবুওতি ধারার আন্দোলনের দিক-নির্দেশক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৯তম ওফাতবার্ষিকী আগামীকাল ১ অক্টোবর (বৃহস্পতিবার)। ১৯৮৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মওলানার শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- পরিবার ও পারিবারিক জীবন, ইসলামে অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কোরআনে শিরক ও তাওহীদ, আল কোরআনে রাষ্ট্র ও সরকার, হাদীস সঙ্কলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, যাকাত বিধান, আহকামুল কোরআন।

মরহুমের বর্ণাঢ্য জীবনী :

১৯১৮ সালের ২ মার্চ, পিরোজপুরের কাউখালিস্থ শিয়ালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)। ১৯৩৮ সালে শর্ষিণা আলীয়া মাদ্রাসা হতে আলিম ও ১৯৪০ সালে কোলকাতা আলীয়া মাদ্রাসা থেকে ফাযিল পাশ করেন তিনি। ১৯৪২ সালে উক্ত মাদ্রাসা হতে তিনি প্রথম শ্রেণিতে টাইটেল পাশ করেন। তিনি ১৯৪৩-৪৫ সালে কোলকাতা মাদ্রাসায় কুরআন ও হাদীস সম্পর্কে গবেষণার কাজ সম্পাদন করেন।

কর্মজীবনে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) ১৯৪৫-৪৭ সালে বরিশালের রঘুনাথপুর (নাজিরপুর) হাই মাদ্রাসায় হেড মওলানার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৭-’৪৮ সালে কেউন্দিয়া (কাউখালী) হাই মাদ্রাসায় হেড মওলানার দায়িত্ব পালন করেন। ১৯৪৮-’৪৯ সালে পাকিস্তানের আদর্শ প্রস্তাব আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি।

মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) ১৯৪৯-’৫০ সালে বরিশাল থেকে সাপ্তাহিক ‘তানজীম’ পত্রিকা সম্পাদনা করেন। ১৯৫৬ সালে সাপ্তাহিক জাহানে নও প্রকাশনা ও পরিচালনা করেন তিনি। এছাড়াও তিনি ১৯৫৯-’৬০ সালে দৈনিক নাজাতের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৫৫ থেকে ১৯৬৮ পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে আইডিএল প্রতিষ্ঠা করেন। সৌদি আরব আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম বিশ্ব ইসলামী শিক্ষা সম্মেলনে যোগদান করেন। ইসলামিক ফাউন্ডেশন গবেষণাকর্ম পুরষ্কার লাভ। ১৯৭৭ মক্কায় রাবেতা আল আলম আল ইসলামীর সম্মেলনে যোগদান। ১৯৭৮ কুয়ালালামপুর প্রথম দক্ষিণ-পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় ইসলামী দাওয়াত সম্মেলনে যোগদান। ১৯৭৮ করাচীতে অনুষ্ঠিত রাবেতার প্রথম এশীয় ইসলামী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদান। ১৯৭৯ দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ এবং সংসদে আইডিএল পার্লামেন্টারি গ্রুপের নেতা হিসেবে দায়িত্ব পালন। ১৯৮০ কলম্বোতে অনুষ্ঠিত আন্তঃপার্লামেন্টারি সম্মেলনে যোগদান করেন। ১৯৮৪ সালের ৩০ নভেম্বর ইসলামী ঐক্য আন্দোলন প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী ঐক্য আন্দোলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এ মহান মনীষীর রয়েছে সাফল্যগাঁথা বর্ণাঢ্য জীবনী।

কর্মসূচি:

মওলানা আবদুর রহীম (রহ)-এর ৩৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে, ইসলামী ঐক্য আন্দোলন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্রশক্তি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় আজিমপুরে কবর যিয়ারত। এদিনই বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবনে পারিবারিকভাবে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মরহুম মওলানার স্মরণে আগামী ২ অক্টোবর (শুক্রবার) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলের তৃতীয় তলায় বিকাল ৪টায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও সারাদেশে শাখা সমূহে মাসব্যাপী তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *