বুধবার, মে ৬

সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত: উপাচার্য তাজ উদ্দিন

|| নিজস্ব প্রতিবেদক ||

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫” শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুলহাস উদ্দিন। তিনি আইনগত সহায়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ এবং আইনের প্রায়োগিক বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বর্তমান সরকার সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই প্রশংসনীয়। বাংলাদেশের সাধারণ মানুষ অনেক সময় জানেন না কীভাবে আইনি সহায়তা পেতে হয়। সেই লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার খুবই তাৎপর্যপূর্ণ। শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বিধিমালাগুলো তুলে ধরার জন্য তিনি জেলা লিগ্যাল এইড অফিসারকে ধন্যবাদ জানান।

আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *