
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বয়স ছয় মাস পূর্ণ না হলেও ইতোমধ্যে কয়েকটি দফায় ব্যবসায়ীদের সঙ্গে বসে খাতভিত্তিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বের বৈঠকে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি ৭টি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদ জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
সভায় ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা তুলে ধরেন ব্যবসায়ীরা। সহজ শর্তে ঋণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবির পাশাপাশি উদ্যোক্তারা সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
