
|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু এবং সেই খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলছুম। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোরশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোরশাহী এলাকা থেকে রাজশাহীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক কুলছুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান।
এদিকে শিক্ষিকা কুলছুমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম তা দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম জানান, ‘ফেসবুকে তার শিক্ষিকার মৃত্যুর খবর দেখার পর আমার মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, হঠাৎ কোনো মর্মান্তিক ঘটনা দেখে কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
