শুক্রবার, এপ্রিল ১৭

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা পদক’ পেলেন হানিফ সংকেত

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||

দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন নন্দিত গণমাধ্যম ব্যক্তিত্ব, লেখক, নাট্যকার ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজ সংস্কার ও সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের হাতে এ সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হানিফ সংকেত ১৯৫৮ সালের ১ জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলাধীন কড়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিচালক, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা, লেখক ও নির্দেশক হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মেধা ও সৃজনশীলতায় ১৯৯০ সালে যাত্রা শুরু করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’, যা তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। বিশেষ করে দেশের প্রান্তিক পর্যায়ের প্রচারবিমুখ ও নিভৃতচারী আলোকিত মানুষদের দেশবাসীর সামনে তুলে ধরার মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সৃজনশীল কাজের নেশায় হানিফ সংকেত দেশাত্মবোধক গানসহ ২৭টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন এবং নির্মাণ করেছেন অর্ধশতাধিক একক ও ধারাবাহিক নাটক। ২০০৫ সালে নেদারল্যান্ডের মার্ক ভারকার্কের সঙ্গে যৌথ পরিচালনায় নির্মিত আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ‘ব্রিজিং টু ওয়ার্ল্ডস’-এর জন্য তিনি বিশ্বজুড়ে বিশেষভাবে প্রশংসিত হন।

বহুমুখী এই কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে তিনি একুশে পদক, জাতীয় পরিবেশ পদক এবং একাধিকবার মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারসহ দেশে ও বিদেশে অসংখ্য সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন।

স্বাধীনতা পদক প্রাপ্তির এই গৌরবোজ্জ্বল অর্জনে দেশের সংস্কৃতি অঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *