
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় থাকা অবস্থায় ২০টিরও অধিক ফ্যান ও মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল।
জানা গেছে, মসজিদের জন্য ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৭ এপ্রিল জুম্মার আজানের মাধ্যমে নামাজ চালুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ইমাম ও স্টাফরা মসজিদের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা দেখতে পান যে, মসজিদের ভেতরে থাকা ২০টিরও বেশি ফ্যান এবং মাইকের সম্পূর্ণ সেটটি চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রথমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয় এবং পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও নামাজ বন্ধ থাকায় জায়গাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকার মাদকাসক্তরা প্রতিদিনই মসজিদের আশপাশে নির্জন জায়গায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা এবং সেবন করে আসছিল। এমনকি মাদকাসক্ত যুবকদের মসজিদের ভেতরে বসে আড্ডা দিতেও দেখা যেত।
স্থানীয়দের ধারণা, এই চুরির নেপথ্যে এলাকার মাদকাসক্ত চক্র এবং ভাঙ্গারি দোকানের যোগসাজশ থাকতে পারে। স্থানীয় ভাঙ্গারি দোকানগুলোতে সঠিক তদন্ত চালালে এই চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে এলাকাবাসীর দাবি।
