
|| নিজস্ব প্রতিবেদক ||
শিগগিরই দেশে চলমান জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, “আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না।”
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়েছিল। এই পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। পাশাপাশি সংগৃহীত জ্বালানি দেশে আনার প্রক্রিয়ায় ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, “সব দুর্যোগ সামলে বর্তমানে নতুন করে সাপ্লাই লাইন ঠিক করা হয়েছে এবং নিয়মানুযায়ী জ্বালানি আসছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে জনগণ যে সাময়িক কষ্টের মুখোমুখি হয়েছেন, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”
তিনি উল্লেখ করেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় উচ্চমূল্যে হলেও বিকল্প উৎস থেকে গ্যাস আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করেছেন বলেই দ্রুত এই সংকটের সমাধান করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের ভোগান্তি লাঘবে পুরো মন্ত্রণালয় টিম হিসেবে কাজ করছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে জ্বালানি খাত আরও সুশৃঙ্খলভাবে চালানো সম্ভব হবে।
