বুধবার, মে ১৩

শিক্ষার্থীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে : মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বাস্তবতায় আগামীর জন্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৩ মে) সকালে খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন কেসিসি প্রশাসক।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের সীমিত কর্মপরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কারিগরি জ্ঞানে পারদর্শী করে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের পথও উন্মুক্ত করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে একজন তরুণের প্রধান চাওয়া থাকে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জন করা। এজন্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

তরুণদের বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মঞ্জু বলেন, চীন, জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশের ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে খুলনায় বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়–এর পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী এবং কেসিসির সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা।

স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল) তুলিপ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *