বৃহস্পতিবার, মে ১৪

বেলকুচিতে ৫০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো দোস্ত এইড বাংলাদেশ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৫০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সেবামূলক সংস্থা ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র আর্থিক সহায়তায় এই ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ভারী চালের বস্তা, বড় গ্যালন ভর্তি ভোজ্য তেল এবং বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী সম্বলিত বক্স প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, “মানবসেবায় দোস্ত এইড বাংলাদেশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এভাবে এগিয়ে এলে সমাজের অসহায় মানুষগুলো সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে।” তিনি এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা নাজমুল হক, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাম জাফর ও উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ।

ধুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজাবত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মানবতার ফেরিওয়ালাখ্যাত মামুন বিশ্বস, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক রফিক মোল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকালে দেখা যায়, বিশাল এই খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীরা অত্যন্ত আনন্দিত। আয়োজক সংস্থা ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় তারা দেশজুড়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বেলকুচিসহ সারা দেশের অসহায় মানুষের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *