
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সময় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, গান পাউডার ও বিভিন্ন মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।
অভিযানে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
