Thursday, August 13

মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির

|| নিজস্ব প্রতিবেদক ||

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কাছে অবস্থিত মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ট্রেনের বিরতি (স্টপেজ) চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষে বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে যাতায়াতের জন্য ক্যাম্পাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে যশোর জংশনে যেতে হয়। এতে একদিকে সময় ও অর্থের অপচয় হয়, অন্যদিকে দূরত্বের কারণে শিক্ষার্থীরা প্রায়ই ট্রেন ধরতে ব্যর্থ হন। মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানো হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আসবে বলে জানান উপাচার্য।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নে অবস্থিত মেহেরুল্লাহনগর স্টেশনটি দীর্ঘদিন ধরে কার্যতঃ বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে কেবল একটি মেইল ট্রেন ছাড়া কোনো আন্তঃনগর ট্রেন থামে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *