
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বহিরাগত সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর, লুটপাট এবং প্রায় ৫০ বছরের পুরনো সেবামূলক প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়ার অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ ও চরম নিন্দা জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এ প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের শীর্ষ দুই নেতা বলেন, রাতের আঁধারে দুই শতাধিক সশস্ত্র মুখোশধারী ব্যক্তি একটি প্রতিষ্ঠিত ও জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে তাণ্ডব চালিয়েছে। নিরাপত্তাকর্মীদের মারধর ও বেঁধে রেখে পুরো কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া এবং এক কোটি টাকারও বেশি মূল্যের চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন ও প্রয়োজনীয় নথি লুট করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত জঘন্য ও ন্যক্কারজনক। এমন অরাজকতা ও দখলদারিত্বের ঘটনা দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর সরাসরি চপেটাঘাতের শামিল।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, ১৯৭৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা এবং সরকারের জাতীয় ইপিআই ও টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। ঠিক হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর আগের রাতে একটি সেবামূলক প্রতিষ্ঠান এভাবে গুঁড়িয়ে দেওয়ার ফলে হাজার হাজার অসহায় মানুষের চিকিৎসা সেবা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, জবরদখল ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত সকল হামলাকারী, পরিকল্পনাকারী ও দখলদারদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান সংগঠনের শীর্ষ এই দুই নেতা।
