
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরান বর্তমান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) জ্যেষ্ঠ সহযোগী ফেলো মাইকেল স্টিফেন্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিশ্লেষণ তুলে ধরেন।
স্টিফেন্সের মতে, অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরানি সরকার আপাতত নিজেদের অস্তিত্ব সংকটে দেখছে না। উপরন্তু যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর তেহরান নিশ্চিত হয়েছে যে যুক্তরাষ্ট্র দেশটিতে কোনো স্থল অভিযান চালাবে না। ফলে সরাসরি অস্তিত্বের হুমকি কমে যাওয়ায় ওয়াশিংটনের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নিতে পারে ইরান।
তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভের পর ধারণা করা হয়েছিল যে বাইরের সামরিক চাপে সরকারের পতন ঘটতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার পতনের সেই আশঙ্কা আর বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্র যদি দ্রুত কোনো ফলাফল অর্জন করতে চায়, তবে তেহরানের দীর্ঘমেয়াদি প্রতিরোধ কৌশল দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন সংঘাত কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই; বরং দীর্ঘ মেয়াদে কে কতটা চাপ সহ্য করতে পারে, সেটিই মুখ্য হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা
