
|| রাসেল মিয়া | আলোকিত দৈনিক ||
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দাম্পত্য জীবনে স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র সন্তান ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নীকে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্ম তোফায়েল আহমেদের। ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক ও ডাকসুর সাবেক ভিপি ছিলেন তিনি। ১৯৭০ সালে ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। ভোলা-১ আসন থেকে ৯ বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
ওইদিন বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ ভোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
