Saturday, August 29

মানিকগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মানিকগঞ্জে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘ট্রিজ ফর লাইফ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৫ আগস্ট) সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ও রোটারি ক্লাবের সভাপতি কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি এম এ রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন, নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রোটারি বাংলাদেশের পরিবেশ ও বনায়ন কর্মসূচির অংশ হিসেবে এবং রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় মানিকগঞ্জের নবারুণ উচ্চ বিদ্যালয় ছাড়াও জাগীর, মাধবপুর, ফরিরচর, আটিগ্রাম, নারিকুলী, ডায়রামপুর, কাটিগ্রাম ও কেষ্টি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ট্রিজ ফর লাইফ’ কর্মসূচিকে পরিবেশ রক্ষায় করপোরেট অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ উল্লেখ করে আয়োজকরা বলেন, শুধু গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *