শুক্রবার, এপ্রিল ২৪

মানিকগঞ্জে ফসলি জমি রক্ষায় মানববন্ধন: তরা ব্রিজে দীর্ঘ যানজট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ তরা ব্রিজ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে চামটা ও খাগড়াকুরি গ্রামের কয়েকশ বিক্ষুব্ধ মানুষ।

বিক্ষোভের বিশেষ বৈশিষ্ট্য ছিল নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত ও ভিন্নধর্মী অংশগ্রহণ। পুরুষরা হাতে কাঁচি ও মাথায় মাথাল পরে কৃষকের প্রতীকী সাজে অংশ নেন, আর নারীরা ঝাড়ু ও লাঠি হাতে নিয়ে মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের বার্তা দেন।

বিক্ষোভকারীরা তরা ব্রিজের ওপর অবস্থান নিলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী ‘মাটি খেকো’ চক্র দীর্ঘ দিন ধরে ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদি জমিগুলো গভীর গর্তে পরিণত হচ্ছে এবং পার্শ্ববর্তী জমিগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে জেলাজুড়ে ব্যাহত হচ্ছে আশঙ্কাজনক হারে ফসল উৎপাদন। কৃষকদের দাবি, বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও এই মাটি কাটা বন্ধ করা সম্ভব হয়নি।

হস্তক্ষেপ কামনায় বিক্ষোভকারীরা সরাসরি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *