
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
মাগুরায় আয়ুর্বেদিক চিকিৎসকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ‘বাংলাদেশ আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশন’ (BACA) নামে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজে কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়ুর্বেদিক চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বসম্মতিক্রমে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কবিরাজ মোহাম্মদ বাবুল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন কবিরাজ মেহেদী হাসান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন—কবিরাজ মফিজুল কবির, কবিরাজ জাহিদ আলম, কবিরাজ মহিত কুমার সাহা, কবিরাজ বিদ্যুৎ কুমার বিশ্বাস, কবিরাজ মোহাম্মদ ইউসুফ আলী, কবিরাজ লিয়াকত হোসেন এবং কবিরাজ মোহাম্মদ রাফিদুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সাত দিনের মধ্যে অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যনির্বাহী রেজোলিউশন প্রণয়ন করা হবে।
বক্তারা বলেন, দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি হিসেবে আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব অপরিসীম। এই সংগঠনটি চিকিৎসকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
